রাউজানে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার, আহত ১২

চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দিলদার হোসেন (৩৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পুলিশের ১২ জন সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দিলদার হোসেন ওই এলাকারই বাসিন্দা। পুলিশ সুপার জানান, রায়হান ও জানে আলম বাহিনীর সদস্যদের ধারাবাহিক গ্রেপ্তারের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু এরপরই জানে আলম ওরফে ডাকাত আলম এবং মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস-এর নেতৃত্বে তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও আদায় করে আসছিল। চক্রটি গত ২৫ সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরী নামের এক ব্যক্তির কাছেও চাঁদা দাবি করেছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে কদলপুরের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় জানে আলম ওরফে ডাকাত আলমের বসতঘরের সামনে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতরে থাকা জানে আলম, আজিজ বস, দিলদার হোসেন, রুবেল, মামুন-অর-রশিদ ওরফে মামুন ও বাচাসহ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এই গোলাগুলির ঘটনায় এসআই জান্নাতুন নাঈম রাজন, এসআই খোরশেদ আলম, এসআই বায়েজিদ মৃধা, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস ও এএসআই রবিউল হোসেনসহ মোট ১২ পুলিশ সদস্য আহত হন।

অভিযানে দিলদারের হেফাজত এবং তার দেখানো জায়গা থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজ, চারটি রামদা, দুটি কটি এবং দুটি গুলি রাখার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দিলদারকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে এবং রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।