আগামী বছরের কোরবানি ঈদে মুক্তি পাবে শাকিব খানের ‘মহব্বত’

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান আবারও নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন। অ্যাকশন ও রোমাঞ্চকর চরিত্রের ভিড়ে এবার তাকে দেখা যাবে পুরোদস্তুর প্রেমের আবহে। নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এ অভিনয় করবেন এই অভিনেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো অ্যাকশননির্ভর চরিত্রে দেখা গেছে। এমনকি চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রে অভিনয় করেও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। সেই ধারার বাইরে এসে এবার প্রেমের গল্প নিয়ে পর্দায় ফিরছেন তিনি।

নির্মাতা হিমেল আশরাফ প্রেমের গল্পের নির্মাতা হিসেবে পরিচিত। এর আগে শাকিব খানকে নিয়ে তিনি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। দুই বছরের বেশি সময় পর আবারও এই জুটির নতুন কাজ নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই সিনেমাতেও শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফের সঙ্গে প্রযোজক আরশাদ আদনান যুক্ত রয়েছেন।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন এবং তার হাত ধরে আছেন একজন তরুণী। পোস্টারের ওপর লাল রঙে লেখা রয়েছে ‘মহব্বত’। তবে শাকিবের বিপরীতে কোন নায়িকা অভিনয় করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সিনেমাটির নাম ঘোষণার সময় নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। মহব্বত, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’ সিনেমাটি আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেন হিমেল আশরাফ।