দলের শৃঙ্খলা ফেরাতে এবং সরকার ও দলের ভাবমূর্তি সুরক্ষার প্রশ্নে এবার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অতীতেও বিভিন্ন সময়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও এবারের শুদ্ধি অভিযানের ‘লাইন অব অ্যাকশন’ অনেক বেশি কঠোর। দলের হাইকমান্ডের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, কে কোন দায়িত্বে বা কত গুরুত্বপূর্ণ পদে আছেন, সেটি দেখা হবে না। কেউ শাস্তিযোগ্য অপরাধ কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
ইতোমধ্যে দেশবাসী এর প্রতিফলন প্রত্যক্ষ করেছে। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তরের হাইপ্রোফাইল কমিটি ভেঙে দেওয়া হয়। এরপরই সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র নিয়ে সংসদের পথে যাওয়ার খবর গণমাধ্যমে আসে, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দলীয় শৃঙ্খলাসহ সরকার ও দলের ভাবমূর্তি সুরক্ষার প্রশ্নে তারেক রহমানের এমন কঠোর সিদ্ধান্তে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় নড়েচড়ে বসেছেন সংগঠনটির লাখ লাখ নেতাকর্মী। সাধারণ মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান প্রশংসিত হচ্ছেন।
দলের নির্ভরযোগ্য সূত্রগুলো যুগান্তরকে জানিয়েছে, চাঁদা ও দখলবাজিসহ সব ধরনের ‘বাজিকর’দের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে পদ-পদবি বিবেচনা না করে অপরাধের বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার বিষয়টি সামনে আসার পর ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে তারেক রহমান পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। তিন দিনের মাথায় বুধবার থেকে সাংগঠনিক অ্যাকশন শুরু হয়।
সূত্রমতে, এই অভিযানে আরও কয়েকজন জনপ্রতিনিধি ও দলীয় নেতা ঝুঁকির মধ্যে রয়েছেন এবং তাদের বিষয়টি তদন্তাধীন। দলের বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও সতর্ক করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান যুগান্তরকে বলেন, বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে, তাই শৃঙ্খলা ভঙ্গকারী উচ্চাভিলাষী নেতাকর্মীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির পাশাপাশি উত্তর যুবদল ও পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। এছাড়া অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, সরকারে আসার পর নেতাকর্মীদের আচরণের প্রভাব সরাসরি সরকারের ওপর পড়ে, তাই বিতর্কিত কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
দলীয় সূত্রের হিসাব অনুযায়ী, সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত মূল দল ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে আড়াই হাজারের বেশি নেতাকে বহিষ্কার করা হয়।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রশাসন, রাজনৈতিক দল ও জনগণকে বিএনপি মেসেজ দিতে চায় যে, দলীয় পরিচয় কিংবা প্রভাব এখানে বড় নয়। তিনি উদাহরণ হিসেবে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মেজর (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর আটক এবং কুষ্টিয়ার স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠনকে শক্তিশালী ও বিতর্কহীন রাখতে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

