সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। সংসদ ভবনে প্রায় ১৫ মিনিট অবস্থান করার পর তিনি পদত্যাগপত্রটি হস্তান্তর করেন।

স্পিকারের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ লিখেছেন, তিনি সজ্ঞানে ও স্বেচ্ছায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের প্রতি বিনীত অনুরোধ জানান।

পদত্যাগের বিষয়ে সংসদ সদস্য মিষ্টি জানান, স্পিকার তাকে ডেকেছিলেন এবং সেই আহ্বানে সাড়া দিয়েই তিনি দেখা করেছেন। তবে সংসদ ভবন থেকে বের হওয়ার সময় তাকে খালি হাতে দেখা গেছে।

উল্লেখ্য যে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ উঠেছে। তবে তিনি এই হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে অভিযোগটি অস্বীকার করেছেন।