রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে সিটি করপোরেশনের নির্ধারিত ও অনুমোদিত স্থানের বাইরে হকার বসলে এবার থেকে শুধু উচ্ছেদ নয়, তাদের মালামাল জব্দ ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও অবৈধ দখল উচ্ছেদ পরিদর্শনকালে এ কথা জানান।
প্রশাসক বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো ফুটপাত অবৈধভাবে দখল করে হকার বসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, রাজধানীর সব হকারকে শৃঙ্খলার মধ্যে থেকে সিটি করপোরেশনের নিবন্ধনের আওতায় থাকতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও হকার বসতে পারবেন না। উচ্ছেদ অভিযানের পর পুনরায় কেউ ফুটপাত দখল করলে তাৎক্ষণিকভাবে তার মালামাল জব্দ ও সরাসরি মামলা দায়ের করা হবে।
পুনর্বাসন ও হকারদের নোটিশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে মো. আবদুস সালাম বলেন, হকার নেতাদের সঙ্গে সরকারের দফায় দফায় আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই নতুন করে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। তিনি যোগ করেন, যারা সিটি করপোরেশনকে কর দেন, সেসব নগরবাসীর চাহিদাকে বিবেচনায় রেখেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার কাজের দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ওয়াসার কাজের কারণে প্রতিদিন হাজার হাজার সেবাগ্রহীতা দুর্ভোগে পড়ছেন। ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি ১৫ দিন পরপর নিয়মিত বৈঠক হচ্ছে।

