দেশে এলপি গ্যাসের সামগ্রিক সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশের জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে এলপিজি নিয়ে গণমাধ্যমে নানা ধরনের খবর ও প্রচারণা লক্ষ্য করা গেছে। এ বিষয়টি যাচাইয়ের উদ্দেশ্যেই জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে জেলা প্রশাসকরা জানিয়েছেন, সামগ্রিকভাবে দেশে এলপি গ্যাসের কোনো ঘাটতি নেই, তবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু এলাকায় সরবরাহ কিছুটা কম রয়েছে।
সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা কঠোরভাবে খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, কোনো এলাকায় সরবরাহের সংকট দেখা দিলে জেলা প্রশাসনকে এর কারণ অনুসন্ধান করতে হবে এবং তথ্য-প্রমাণসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে হবে। জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যেসব এলাকায় এলপিজির সরবরাহ কম পাওয়া যাবে, সেখানে দ্রুত সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। এছাড়া বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে বা কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন। এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনকে আরও সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জ্বালানি মন্ত্রী।

