রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদ অভিযানের পেশাগত সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিককে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত বুধবার বিকেলে মিরপুর ১০ নম্বরের ‘আল বারাকা রেস্টুরেন্ট’-এর সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের নাম মো. রবিউল ইসলাম রুবেল।
ভুক্তভোগী সাংবাদিক জানান, সহকারী পুলিশ কমিশনার (এসি) বাশারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মিরপুর মডেল থানার এসআই আলামিন ও কয়েকজন কনস্টেবল অহেতুক তার ওপর চড়াও হন। রবিউল ইসলাম নিজের প্রেস আইডি কার্ড প্রদর্শন করার পরও এসআই আলামিন তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় তার একটি গুরুত্বপূর্ণ সাউন্ড ডিভাইসও হারিয়ে যায়। যদিও পরে সহকারী পুলিশ কমিশনার বাশার ভুক্তভোগীকে সাংবাদিক হিসেবে চিনতে পেরেছিলেন, তবুও এসআই আলামিন তালুকদার তার উগ্র আচরণ অব্যাহত রাখেন।
মিরপুর মডেল থানার ওসি হাফিজ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক রবিউলের পরিচয় নিশ্চিত করে পুলিশ সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু জ্যেষ্ঠ কর্মকর্তার সেই নির্দেশ উপেক্ষা করে এসআই আলামিনের উপস্থিতিতেই পেছন থেকে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিকের ওপর অতর্কিত হামলা ও নির্যাতন চালায়। পুরো ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী সাংবাদিক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এবং মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্ত এসআই আলামিনসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ডিএমপি কমিশনার কার্যালয় ও মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

