দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নৌরুটের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর ২৭ নম্বর বিধি অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য নতুন করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।
নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। অর্থাৎ এই দূরত্বে ভাড়া ২২ পয়সা বেড়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যেখানে ১৯ পয়সা বাড়ানো হয়েছে।
পাশাপাশি নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।

