ইসলামে আত্মহত্যার ভয়াবহ পরিণতি ও প্রতিকারের দিকনির্দেশনা

পারিবারিক বিপর্যয়, মানসিক অশান্তি, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক নিরাপত্তাহীনতা ও মূল্যবোধের অবক্ষয়সহ নানা কারণে মানুষ আত্মহত্যার মতো ধ্বংসাত্মক পথ বেছে নেয়। মূলত প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপের মুখে ভারসাম্য হারিয়ে দুর্বল চিত্তের ব্যক্তিরা আত্মহননের মাধ্যমে মুক্তি খোঁজে। ইসলামে আত্মহত্যা একটি মহাপাপ এবং অত্যন্ত ঘৃণ্য কাজ। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা নির্দেশ দিয়েছেন, 'তোমরা নিজেদের হত্যা কোরো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। যে কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, তাকে আগুনে দগ্ধ করব। এটা আল্লাহর পক্ষে সহজ।' (সুরা নিসা : ২৯-৩০)।

আত্মহত্যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। রাসুল (সা.)-এর হাদিস থেকে জানা যায়, পূর্ববর্তী যুগে এক ব্যক্তি আহত অবস্থায় ছটফট করতে করতে ছুরি দিয়ে নিজের হাত কেটে রক্তপাত ঘটিয়ে মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তখন ঘোষণা করেছিলেন, 'আমার এ বান্দা নিজের ব্যাপারে খুব তাড়াহুড়া করে ফেলেছে। এ কারণে আমি তার প্রতি জান্নাত হারাম করে দিয়েছি।' (বোখারি : ৫৭৭৮)। এছাড়া আত্মহত্যার কুফল সম্পর্কে রাসুল (সা.) আরও বলেন, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে বা বিষপান করে কিংবা ধারালো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করবে, সে পরকালেও জাহান্নামে স্থায়ীভাবে সেই একই শাস্তির সম্মুখীন হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, 'যে ব্যক্তি ইহকালে কোনো কিছু দ্বারা নিজেকে হত্যা করবে, তা দ্বারা পরকালে তাকে শাস্তি প্রদান করা হবে।' (বোখারি : ৫৭০০, মুসলিম : ১৭৫)।

ডিপ্রেশন, মানসিক অশান্তি ও পারিবারিক কলহের মতো কঠিন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা একজন মুমিনের প্রধান গুণ। প্রকৃত ঈমানদার কোনো পরিস্থিতিতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহতায়ালা বলেন, 'যারা পথভ্রষ্ট, তারা ছাড়া আর কে তার রবের অনুগ্রহ হতে নিরাশ হয়?' (সুরা হিজর : ৫৬)। আল্লাহতায়ালা আরও বলেন, 'তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না।' (সুরা যুমার : ৫৩)। বিপদাপদে আল্লাহর রহমতের ওপর ভরসা করাই একমাত্র ভরসা। পৃথিবী ক্ষণস্থায়ী এবং কোনো সংকটই চিরস্থায়ী নয়; পবিত্র কোরআনের বাণী অনুযায়ী, 'কষ্টের পরেই সুখ আসে।' (সুরা ইনশিরাহ : ৫)। যিনি আল্লাহর ওপর ভরসা করেন, তার জন্য আল্লাহই যথেষ্ট।

ইসলামে মৃত্যু কামনা করা নিষিদ্ধ। রাসুল (সা.) দুঃখ-কষ্টের সময় মৃত্যু না চেয়ে বরং বেঁচে থাকার জন্য দোয়া করতে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, 'তোমাদের কেউ যেন দুঃখ-কষ্টে পড়লে মৃত্যু কামনা না করে। যদি কিছু করতেই চায়, তাহলে সে যেন বলে, হে আল্লাহ! আমাকে জীবিত রাখো, যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয়। আর মৃত্যু দাও, যখন আমার জন্য মরে যাওয়া কল্যাণকর হয়।' (বোখারি : ৫৬৭১, মুসলিম : ৩)।