প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম। কন্যাশিশুর নিরাপদ পৃথিবী যেন দিন দিন তিমিরে হারিয়ে যাচ্ছে। ঘর কিংবা বাইরে কোনো জায়গাই যেন তাদের জন্য আর নিরাপদ নয়। আপনজনদের দ্বারা যৌন নির্যাতনসহ নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে তারা। ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, বাল্যবিবাহ, সাইবার সহিংসতা ও শারীরিক শাস্তির মতো ঘটনায় দিনদিন পরিস্থিতি জটিল হচ্ছে। তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ২ দশমিক ১৫টি ধর্ষণের ঘটনা ঘটছে। শিশু সুরক্ষায় আইনি কাঠামো থাকলেও কাঙ্ক্ষিত সাফল্য এখনো অধরা।
বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, চলতি বছরের আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই ছিল কন্যাশিশু। আটজন কন্যাশিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ১১ জনকে ধর্ষণের চেষ্টা ও ২৪ জন যৌন সহিংসতার শিকার হয়েছে। সাইবার সহিংসতার শিকার হয়েছে চারজন।
দেশে ১৮ বছরের কম বয়সি শিশুর সংখ্যা ৫ কোটি ৮৭ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফ বাংলাদেশের সর্বশেষ তথ্যমতে, মোট শিশুর প্রায় অর্ধেক বা ২ কোটি ৯৩ লাখই মেয়ে। কিন্তু তাদের একটি বড় অংশ এখনো অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত। পুলিশের সাধারণ ডায়েরি অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ১৫ হাজার ৭১৭টি শিশু হারিয়ে গেছে। এর মানে প্রতি ১৭ মিনিটে একটি শিশু হারিয়ে যাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশই মেয়ে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শিশু নির্যাতনের চিত্র অত্যন্ত উদ্বেগজনক। জুলাই মাসে শিশুহত্যার ঘটনা ছিল ৫২টি, যা আগস্টে বেড়ে ৯১টিতে দাঁড়িয়েছে। জুলাইয়ের তুলনায় আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ এবং হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ বেড়েছে। এছাড়া বলাৎকারের ঘটনা পাঁচ থেকে বেড়ে সাতে দাঁড়িয়েছে।
কন্যাশিশুর জন্য আরেকটি বড় ঝুঁকি বাল্যবিবাহ। বিবিএস ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী, ১৮ বছরের কম বয়সি মেয়েদের বিয়ের হার ৫৬ শতাংশ। প্রতি দুই মেয়ের একজন বাল্যবিবাহের শিকার হচ্ছে। এর ফলে কিশোরী মাতৃত্বের হারও বাড়ছে, যেখানে প্রতি হাজারে ৯২ জন কিশোরী মা সন্তান জন্ম দিচ্ছে।
অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ওয়াহিদা বানু বলেন, শিশু অধিকার ঘরে-বাইরে সর্বত্রই লঙ্ঘিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান মনে করেন, সমাজ ও রাষ্ট্রে কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে উদাসীনতা রয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম অধিকার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন অভিভাবকদের চিন্তার বিষয়টি উল্লেখ করে বলেন, অভিভাবকদের পাশাপাশি কন্যাশিশুদেরও সাহসী হতে হবে। তাদের ‘না’ বলতে শেখা, যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং নিগ্রহের শিকার হলে অভিভাবকদের জানানোর বিষয়ে সচেতন হতে হবে।

