কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক ইউনিটে অভ্যন্তরীণ বাদানুবাদের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার মোহিতা শর্মা জানিয়েছেন, এই ঘটনায় এক কর্মকর্তাসহ মোট চারজন সিআইএসএফ সদস্য নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বিকেল ৬টা ৪০ মিনিটের দিকে বাসোহলির মাশকা গ্রামে অবস্থিত সেওয়া বিদ্যুৎ প্রকল্পে। রাভি নদীর উপনদী সেওয়ার ওপর নির্মিত এই জলবিদ্যুৎ কেন্দ্রে সিআইএসএফ’র একটি ইউনিট মোতায়েন ছিল।

পুলিশ ও সিআইএসএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিআইএসএফ সদস্যের নাম হেড কনস্টেবল অবদেশ কুমার সিং। অভিযোগ রয়েছে যে, বাদানুবাদের এক পর্যায়ে তিনি নিজের বরাদ্দকৃত একে-৪৭ রাইফেল নিয়ে অফিস চত্বরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান। সিআইএসএফ জানিয়েছে, ঘটনার সময় তার কাছে ১৫০ রাউন্ড গুলি ছিল।

গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে দ্রুত হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে এবং অভিযুক্ত অবদেশ কুমার সিংকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ পুরো ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে।