আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা করা হয় এক সপ্তাহ আগেই

কুমিল্লার ১৩ বছর বয়সী স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আইফোনের লোভে ঘটনার প্রায় এক সপ্তাহ আগেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার হওয়া তিন আসামি। ছবি তোলা ও টিকটক ভিডিও বানানোর কথা বলে অপ্রতিমকে কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে কোদালের হাতল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গত ১৮ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং অপর দুই অপ্রাপ্তবয়স্ক কিশোর গত ২০ সেপ্টেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন মামলার প্রধান আসামি তুহিন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত পাঁচ-ছয় মাস ধরে অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ছিল। অপ্রতিম প্রায়ই তাদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ছবি তুলতে এবং টিকটক ভিডিও বানাতে যেত। একপর্যায়ে অপ্রতিমের আইফোনটির প্রতি তুহিন এবং অপ্রতিমের বাবার দোকানে কর্মরত এক কিশোরের লোভ জন্মায়। এরপর ঘটনার আগের শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে তারা বৈঠক করে অপ্রতিমকে হত্যা করে আইফোনটি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে।

অপ্রতিমের বাবার দোকানে কর্মরত ওই কিশোরও আদালতে দেওয়া জবানবন্দিতে এই বৈঠকের কথা স্বীকার করেছে। তবে সে দাবি করেছে, হত্যার মূল পরিকল্পনাটি ছিল তুহিনের। অন্যদিকে, মামলায় জড়িত তৃতীয় কিশোরটি জবানবন্দিতে জানায়, ঘটনার দিন বিকেলে তার এক বন্ধু তাকে জানায় যে তুহিনের সঙ্গে মিলে আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা করা হবে। তিন আসামির জবানবন্দি বিশ্লেষণ করে এটি স্পষ্ট যে, হত্যাকাণ্ডটি তাৎক্ষণিক কোনো ক্ষোভের কারণে নয়, বরং আইফোন চুরির উদ্দেশ্যে আগে থেকেই পরিকল্পিত ছিল।

ঘটনার আগের দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ময়নামতির একটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তুহিনের সঙ্গে অপ্রতিমের দেখা হয়েছিল। সেখানে অপ্রতিম তাকে নিজের টিকটক আইডির ঠিকানা দেয়। পরবর্তীতে টিকটক ও মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে পরদিন জুমার নামাজের পর তাদের দেখা করার সিদ্ধান্ত হয়। ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অপ্রতিমের সঙ্গে দেখা করে তাকে সানন্দা পশ্চিমপাড়ার একটি নির্জন পাহাড়ে নিয়ে যান তুহিন। জবানবন্দিতে তুহিন উল্লেখ করেন, এই পাহাড়টি তাঁর চাচা শাহ আলমের মালিকানাধীন।

এদিকে অপ্রতিমের বাবার দোকানে কর্মরত কিশোরটি জানায়, ঘটনার দিন দুপুরের পর কোটবাড়ির বোর্ড মার্কেট এলাকায় অপ্রতিমের সঙ্গে তার দেখা হয়েছিল। পরে সে অন্য এক কিশোর বন্ধুকে সঙ্গে নিয়ে ওই পাহাড়ে যায়। সেখানে যাওয়ার আগেই তাকে অপ্রতিমকে হত্যার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তৃতীয় কিশোরটি জানায়, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে একটি স্কুলের সামনে তার সঙ্গে ওই দোকান কর্মচারীর দেখা হয় এবং সেখানেই সে হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা জানতে পারে। এরপর তারা পাহাড়ে গিয়ে অপ্রতিম ও তুহিনকে একসঙ্গে বসে থাকতে দেখে।