সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন: সঙ্গী হলো টেকনো

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের ক্ষণগণনা শুরু হলো। একই সঙ্গে স্মার্টফোন ব্র্যান্ড টেকনোকে এই টুর্নামেন্টের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং টেকনো বাংলাদেশের যৌথ আয়োজনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, সার্কভুক্ত সাত সদস্য দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা, জাতীয় দলের অধিনায়ক, করপোরেট অংশীদার এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পুরুষোত্তম কাট্টেল টুর্নামেন্টের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে এমন শক্তিশালী অংশীদারত্ব সময়ের দাবি। টেকনোর সঙ্গে এই সহযোগিতার ফলে টুর্নামেন্টের প্রচার, দর্শক সম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্ভাবনা নতুন উচ্চতায় পৌঁছাবে। এরপর অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর লোগো উন্মোচিত হয় এবং সাফ ও আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তি বিনিময় করা হয়।

চতুর্থবারের মতো বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের ড্র আগামী ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক বাংলাদেশের গ্রুপ পর্বের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ২০০৩ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৯৯৯ ও ২০০৫ সালে রানার্সআপ হয়েছিল।