বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতিকাতর উপস্থাপিকা

উপস্থাপনা দিয়ে পরিচিতি পেলেও রুহানী সালসাবিলের পরিচয় বহুমুখী। তিনি একাধারে একজন দক্ষ নৃত্যশিল্পী ও পেশায় স্থপতি। লাবণ্য নামেও অনেকের কাছে পরিচিত এই শিল্পী বর্তমানে অভিনয় থেকে বিরতি নিয়ে উপস্থাপনা, নৃত্যচর্চা এবং নিজের পেশাগত কাজের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। তবে তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার এখন সংসার এবং সন্তান শীর্ষ।

ছোটবেলা থেকেই নৃত্যের সঙ্গে রুহানীর সখ্য। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব রয়েছে তার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি 'শাপলা কুঁড়ি ২০২৬'-এর ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের আসনে বসেছিলেন তিনি। এর আগেও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। তবে এবার বিচারক হিসেবে কাজ করাটা ছিল তার জন্য বিশেষ আনন্দের ও আবেগের। কারণ, ছোটবেলায় যে ভরতনাট্যম গুরু বেলায়েত স্যারের কাছে তিনি বিচারক হিসেবে মূল্যায়ন পেতেন, সেই স্যারের পাশের চেয়ারেই এবার বিচারক হিসেবে বসতে পেরেছেন তিনি।

নিজের নৃত্যের শুরুর দিকের স্মৃতিচারণ করতে গিয়ে রুহানী জানান, ২০১০ সালে শিক্ষক সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে বিটিভির তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। সেই সময়ের স্মৃতিগুলো এবার বিচারকের আসনে বসেই স্যারের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বর্তমান প্রজন্মের শিশুদের নাচের পারদর্শিতার প্রশংসা করে তিনি বলেন, আজকের শিশুরা আমাদের সময়ের চেয়েও বেশি দক্ষ, তাই তাদের বিচার করা বেশ কঠিন।

বিচারকের দায়িত্বের পাশাপাশি নিয়মিত উপস্থাপনার কাজেও ব্যস্ত রুহানী। তবে আগের চেয়ে টেলিভিশনে কাজের পরিমাণ কিছুটা কমিয়েছেন। বর্তমানে বিটিভির 'সেলিব্রিটি শো', অনলাইন প্ল্যাটফর্মের 'ক্যাচ দ্য স্টার', আরটিভির 'সেফস স্টুডিও', এসএটিভির 'সাইন অন' এবং দেশ টিভির 'স্টার লাউঞ্জ' অনুষ্ঠানগুলো তিনি উপস্থাপন করছেন। এছাড়া করপোরেট অনুষ্ঠানের উপস্থাপনায়ও তার নিয়মিত ডাক পড়ছে, যেখানে মূলত ইংরেজি উপস্থাপনার চাহিদা বেশি থাকে।

পেশাগত জীবনে স্থপতি হিসেবে নিয়মিত অফিসে সময় দিচ্ছেন রুহানী সালসাবিল। সব মিলিয়ে নানা পরিচয়ে ব্যস্ত থাকলেও, পরিবারকে ঘিরেই তার সব স্বপ্ন ও ব্যস্ততা আবর্তিত হচ্ছে।