চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩১। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অস্থিরতার মধ্যে সোমবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহলের চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এ সময় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান।

সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন। এরপর রাত সাড়ে ১১টায় সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি যানবাহন শাখা-সংলগ্ন সড়ক হয়ে আবাসিক এলাকার গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’-এর মতো বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, অনেকের ধারণা আন্দোলনে জনবলের ঘাটতি রয়েছে, কিন্তু আজকের মিছিলে শিক্ষার্থীদের উপস্থিতিই সেই মিথ্যা প্রচারের জবাব। একই বর্ষের পিএমই বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব বলেন, আন্দোলন দমানোর জন্য কতিপয় মহল শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না। শিক্ষার্থীরা কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে অটল রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পরিবর্তনের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন, যা পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতিসহ পুরো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে রূপ নেয়। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সমিতি পূর্ণ কর্মবিরতি পালন করছে, যার ফলে গত সাত দিন ধরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।