বৃটেনের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বৃটেনের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি এবং বিস্ফোরক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনার তথ্য পাওয়ার পর সেখানে বড় ধরনের জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী (ইউএসএএফ) ব্যবহার করে থাকে।

নিরাপত্তার স্বার্থে বিমানঘাঁটির কাছাকাছি থাকা কয়েক ডজন বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। কাছের ওয়েলফোর্ড গ্রামের যেসব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে, তাদেরকে জানানো হয়েছে যে রোববার রাতে তারা নিজেদের বাড়িতে ফিরতে পারবেন না। তবে কর্মকর্তাদের দাবি, পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনাস্থলে সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেখানে থাকা বিভিন্ন যানবাহন পরীক্ষা করছেন এবং এই কার্যক্রম এখনো অব্যাহত আছে। পুরো ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে সন্ত্রাসবিরোধী পুলিশ। আকাশ থেকে তোলা ছবিতে রিমোট নিয়ন্ত্রিত রোবটকে বনাঞ্চলের মধ্যে দাঁড়িয়ে থাকা সাদা রঙের কয়েকটি ভ্যানের দিকে এগিয়ে যেতে দেখা গেছে, যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে রোবট ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি। ঘটনাস্থলের চারপাশ ঘিরে ৪০০ মিটার এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে এবং বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষিত একটি দল মোতায়েন করা হয়েছে।

এই ঘটনা সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এই ঘাঁটির, যা সম্প্রতি ইরানে প্রতিরক্ষামূলক হামলা চালানোর জন্য মার্কিন যুদ্ধবিমানগুলো ব্যবহার করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করছিলেন এবং তাদের দীর্ঘ সময় ধরে নজরদারিতে রাখার পর শেষ পর্যন্ত আটক করা হয়েছে। এছাড়া বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, তিনি এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যোগাযোগ করেছেন।