কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গ্রামগুলোতে এখন আর আগের মতো বিকেলে মাঠের কোলাহল শোনা যায় না। একসময় যে মাঠগুলো ফুটবল, ক্রিকেট, গোল্লাছুট কিংবা দাঁড়িয়াবান্দা খেলায় মুখর থাকত, এখন সেখানে নীরবতা। মাঠের সেই চিরচেনা জায়গা দখল করে নিয়েছে মোবাইলের ছোট পর্দা। ইন্টারনেটের দুর্বল নেটওয়ার্কের কারণে অনেক সময় কিশোর-তরুণদের গাছের ডালে বা বাঁশের মাচায় বসে ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে ডুবে থাকতে দেখা যায়। এই দৃশ্য যেমন কৌতূহল জাগায়, তেমনি শিশু-কিশোরদের মোবাইলনির্ভর হয়ে পড়া নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও বাড়ছে।
স্থানীয়দের মতে, খেলার মাঠের সংকট, পড়াশোনার চাপ, নিরাপত্তা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা এবং সহজলভ্য ইন্টারনেটের প্রভাবে শিশু-কিশোররা ঘরবন্দি হয়ে পড়ছে। মসূয়া গ্রামের প্রবীণ মোমতাজ উদ্দিন জানান, আগে বিকেলে ছেলেরা মাঠে দল বেঁধে খেলত, কিন্তু এখন মাঠে তাদের উপস্থিতি কমে গেছে। কিশোর জিসান জানায়, সে গোল্লাছুট বা দাঁড়িয়াবান্দার মতো খেলার নাম শুনলেও কোনোদিন খেলেনি।
অভিভাবকদের অভিযোগ, মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে সন্তানদের পড়াশোনায় মনোযোগ কমছে। অনেকে মোবাইল ছাড়া খেতে চায় না বা পড়তে বসে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক কিশোর গেম কিংবা অনলাইন জুয়ার পেছনে টাকা খরচ করছে, যা পরিবারে অশান্তি ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জালালপুর ইউনিয়নের রহিমা খাতুন জানান, তার সাত বছর বয়সী ছেলে মোবাইল ছাড়া পড়তে বসে না এবং সাড়ে তিন বছর বয়সী মেয়েও মোবাইল ছাড়া খাবার খায় না।
কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার সুফিয়া খাতুন বলেন, জন্মের পর থেকেই শিশুরা মোবাইলের সঙ্গে পরিচিত হচ্ছে। কান্না থামাতে বা ব্যস্ত রাখতে মা-বাবাই তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, যা থেকে ধীরে ধীরে আসক্তি তৈরি হচ্ছে। কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ সতর্ক করে বলেন, অনলাইন গেমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে। এখনই সচেতন না হলে একটি প্রজন্ম বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঈসা খান জানান, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, শারীরিক নিষ্ক্রিয়তা এবং মনোযোগের সমস্যা হতে পারে। তিনি শিশুদের মোবাইলের পরিবর্তে নিয়মিত খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডে যুক্ত করার পরামর্শ দিয়েছেন।

