গোপনে আবুধাবি সফর করলেন নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের (এমবিজেড) সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন। প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ৪৩। ইসরাইলি সংবাদমাধ্যম এন১২ প্রথম এই সফরের বিষয়টি সামনে আনে, যা পরে দ্য জেরুজালেম পোস্টের মাধ্যমে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে আবুধাবি সফর করেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। জেরুজালেম পোস্টের তথ্যমতে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১২টার পরে বিমানটি যাত্রা করে এবং বিকেল ৩টা ১০ মিনিটে আবুধাবিতে অবতরণ করে। প্রায় চার ঘণ্টা আমিরাতে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নেতানিয়াহু ইসরাইলের উদ্দেশে রওনা হন।

নেতানিয়াহুর এই সফরটি বিশেষ গুরুত্ব পেয়েছে হারেৎজ-এর একটি প্রতিবেদনের প্রেক্ষাপটে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রায় দেড় সপ্তাহ আগে মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুকে হামাসের বড় ধরনের অভিযানের প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে হারেৎজ-এর সেই দাবির বিষয়ে আমিরাত কোনো মন্তব্য করেনি। দেশটি কেবল জানিয়েছে, ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে ইসরাইল ও আমিরাতের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে নেতানিয়াহুর কার্যালয় মে মাসে তার আমিরাত সফরের দাবি করলেও আমিরাত তা অস্বীকার করেছিল। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২৬ মার্চ আল-আইন শহরে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদের মধ্যে বৈঠক হয়েছিল। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মুখে আমিরাত নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে বলে রয়টার্সের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।