রাবিতে হলে ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল বিষধর কালাচ সাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে নিজের কক্ষে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। সাপের কামড়ে আহত ওই শিক্ষার্থীর নাম নুরনবী ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হল সূত্রে জানা গেছে, ভোরে হলের ১৩৮ নম্বর কক্ষে নিজের বিছানায় ঘুমাচ্ছিলেন নুরনবী। এ সময় একটি বিষধর সাপ বিছানায় উঠে তাঁর পায়ে কামড় দেয়। দংশনের পরপরই নুরনবী বিষয়টি টের পান এবং দ্রুত তাঁর সহপাঠীদের জানান। পরবর্তীতে সহপাঠীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

নুরনবীকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন রামেকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীম আহমেদ। তিনি জানান, ভোরে সাপের কামড়ে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে তাঁকে ‘কমন ক্রেইট’ বা পাতি কালাচ সাপ কামড় দিয়েছে। ইতোমধ্যে তাঁকে দুই ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত ও আশঙ্কামুক্ত রয়েছে।

এদিকে ঘটনার পর ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট দীর্ঘ বিষধর পাতি কালাচ সাপটি উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোয়ান’। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত হলের কক্ষে পৌঁছান এবং ৩ ফুট লম্বা কালাচ সাপটি নিরাপদে উদ্ধার করেন। তিনি আরও বলেন, কক্ষ অপরিচ্ছন্ন ও অগোছালো অবস্থায় থাকলে এই ধরনের সাপের উপদ্রব বাড়ে। কালাচ সাপ সাধারণত উষ্ণতা পাওয়ার জন্য মানুষের বিছানায় উঠে আসে এবং অজান্তে শরীরের সংস্পর্শে এলে দংশন করে থাকে।