চাঁপাইনবাবগঞ্জে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৭ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাত ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই ঘটনার পর থেকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রেখেছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে, যখন চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৪-আর নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ওই সাতজন পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় চাড়ালডাঙ্গা বিওপির বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে বাধা প্রদান করলে তারা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নিতে বাধ্য হয়।

নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ওই সাতজনের কোনো ধরনের চলাচল বা উপস্থিতি আর দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা, শুক্রবার রাতের মধ্যেই বিএসএফ তাদের ভারতের ভেতরে নিয়ে গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি ও সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রাখা হয়েছে।