আসামে মুসলিম ধর্মাবলম্বীদের বিবাহ নথিভুক্ত করার প্রক্রিয়ায় বড় ধরনের আইনি পরিবর্তন আনা হয়েছে। এতদিন মুসলিম বিবাহ নিবন্ধনের যে ক্ষমতা কাজিদের হাতে ছিল, তা পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এখন থেকে মুসলিম বিবাহ নিবন্ধনের পুরো দায়িত্ব পালন করবেন সরকারি রেজিস্ট্রারেরা।
মুখ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যজুড়ে বিবাহ নিবন্ধনের প্রক্রিয়াকে আরও সুসংহত এবং সরকারি নথির আওতায় আনার লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'আসাম মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন (কম্পালসারি) রুলস্, ২০২৬ অনুমোদন করা হয়েছে, যাতে পুরো রাজ্য জুড়ে বিবাহ নথিভুক্ত করার জন্য একটি অভিন্ন প্রক্রিয়া কার্যকর থাকে। এখন থেকে মুসলিম বিবাহগুলোও সরকারি রেজিস্ট্রারেরাই নথিভুক্ত করবেন।'
উল্লেখ্য যে, ১৯৩৫ সালের আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী মুসলিমদের জন্য বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক ছিল না। পরবর্তীতে ২০১০ সালে আইন পরিবর্তনের মাধ্যমে এটি বাধ্যতামূলক করা হলেও সেই নিবন্ধনের ক্ষমতা কাজিদের হাতেই ন্যস্ত ছিল। এরপর ২০২৪ সালে একটি নতুন আইনের মাধ্যমে কাজিদের এই ক্ষমতা লোপ করা হয়। তবে সেই সময় নিবন্ধনের দায়িত্ব কে পালন করবেন তা স্পষ্ট করা হয়নি। মন্ত্রিসভার এই নতুন অনুমোদনের মাধ্যমে সেই দায়িত্ব সরকারি রেজিস্ট্রারের ওপর অর্পণ করা হলো।

