নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধি দলের গণ-ওয়াকআউট

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) চলমান অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার জন্য মঞ্চে উঠলে বিভিন্ন দেশের প্রতিনিধিদের একটি বড় অংশ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে গেছেন। এই ওয়াকআউটের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু কক্ষ ত্যাগকারী এসব প্রতিনিধিদের ‘নৈতিক কাপুরুষ’ বলে অভিহিত করেছেন।

ভাষণের শুরুর দিকেই ইসরাইলি প্রধানমন্ত্রী গোলান মালভূমি, হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। এরপর তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেন। নেতানিয়াহু দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা তার নেওয়া ‘সবচেয়ে সহজ সিদ্ধান্তগুলোর একটি’ ছিল, যদিও এই ধরনের স্থাপনায় হামলা চালানো কঠিন ছিল। তিনি দাবি করেন, এই পদক্ষেপ না নিলে সবাই মারা যেত। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও (আইএইএ) ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণ পাওয়ার কথা এখন পর্যন্ত জানায়নি।

এদিকে জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউটের পাশাপাশি বাইরে তার সফরের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডনও রয়েছেন। দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, সারান্ডনের পরনে ছিল ‘ফান্ড পিপল, নট বম্বস’ লেখা একটি টি-শার্ট।