বেনাপোল কাস্টমস ও শার্শায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম যশোরের বেনাপোল কাস্টমস হাউস এবং শার্শা উপজেলার উলাশী খালের বৃক্ষরোপণ কর্মসূচির আওতাধীন স্ট্রিপ বাগান ও তাল বাগান পরিদর্শন করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বেনাপোল কাস্টমস হাউসে পৌঁছান।

সেখানে পৌঁছানোর পর কাস্টমস হাউসের সভাকক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী। বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কাস্টমসে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনসহ কাস্টমস ও বন্দরের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

কাস্টমসের কার্যক্রম পরিদর্শন ও আলোচনা শেষে পৌর গেট এলাকায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তার আগমন উপলক্ষে পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সভাস্থলে জড়ো হন এবং স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।

এরপর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শার্শার উলাশী খাল এলাকার পরিবেশ উন্নয়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে গড়ে ওঠা স্ট্রিপ বাগান পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী শার্শার কর্মসূচি সমাপ্ত করে তিনি যশোরের সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে।