মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম সমন্বয়ে বাধ্য সরকার

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে সরকার অনেকটা বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে এই মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দামের পাশাপাশি জাহাজ-ভাড়া বাড়ছে। উপায়হীন না হলে সরকার কখনোই এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চাইত না।

প্রতিমন্ত্রী জানান, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি খাতে সরকারের ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য না রাখায় প্রতি মাসে গড়ে ৩ হাজার ৮১৩ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। তিনি বলেন, বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করতে হয়, যার মধ্যে ৪৫ লাখ টনই ডিজেল। আন্তর্জাতিক বাজারে ডিজেলের গড় মূল্য প্রতি লিটার ২০৫ টাকা। এই সমন্বয়ের আগে ডিজেল ১১৫ টাকায় বিক্রি হলেও, নতুন দামের পরও প্রতি লিটারে ৭০ টাকা লোকসান থাকছে, যা আগে ছিল ৯০ টাকা। দাম সমন্বয় না করলে শুধু ডিজেল থেকে বছরে ৪০ হাজার কোটি টাকা এবং সব মিলে ৫০ হাজার কোটি টাকার লোকসান হওয়ার সম্ভাবনা ছিল।

জ্বালানি তেলের ভর্তুকি অব্যাহত রাখলে সামাজিক নিরাপত্তা কার্যক্রম বিঘ্নিত হতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার অসচ্ছল পরিবারগুলোকে পারিবারিক কার্ডের আওতায় আনতে চায়। এ ছাড়া প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেল পাচার হওয়ার ঝুঁকি মোকাবিলাতেও এই সমন্বয় জরুরি ছিল। তিনি জানান, বর্তমানে ভারতের কলকাতায় ডিজেলের মূল্য ১৩৪ টাকা, মিয়ানমারে ১৬৪ টাকা, নেপালে ১৬১ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা, থাইল্যান্ডে ১৫১ টাকা এবং ভিয়েতনামে ১৩৭ টাকা। এসব দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম ছিল সর্বনিম্ন। জনগণের কাছে এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী আশা করেন, দেশবাসী বর্তমান সংকটময় পরিস্থিতি উপলব্ধি করতে সক্ষম হবেন। সেই সঙ্গে তিনি জানান, দাম বাড়ানোর অভিঘাত সহনীয় পর্যায়ে রাখতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।