শাহজালালে বিজি-৫৮৫ ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার জব্দ

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণবার জব্দ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫০টি স্বর্ণবার উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বিমানবন্দরে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া এই স্বর্ণবারগুলোর প্রতিটি ১০ তোলা ওজনের। সেই হিসেবে ৫০টি বারের মোট ওজন ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা বলে জানা গেছে।

প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা সূত্রে শুরুতে ফ্লাইটটিতে ১০০টিরও বেশি স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছিল। প্রায় চার ঘণ্টাব্যাপী টানা তল্লাশির একপর্যায়ে ৫০টি বার শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়। যদিও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুরুতে ১০০টি বার উদ্ধারের তথ্য জানিয়েছিল। বর্তমানে বিমানবন্দরে তল্লাশি ও অভিযান এখনও চলমান রয়েছে।