জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাত, বিদ্যুৎহীন ৫০ হাজার পরিবার

জাপানের রাজধানী টোকিওতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান। এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সেখানকার প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে সোমবার ছয়টি প্রশাসনিক অঞ্চল থেকে ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

টাইফুনের প্রভাবে কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে ভূমিধসে একটি বাড়ি ধসে পড়ার পর সেখানে এক নারী জীবন্ত চাপা পড়েছেন বলে আশঙ্কা করছেন দমকলকর্মীরা। এছাড়া চিবা প্রশাসনিক অঞ্চলে ধ্বংসাবশেষ সরানোর কাজ করার সময় এক ব্যক্তি আটকা পড়েন, পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঝড়ের কারণে ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত দুজুয়ানের বাতাসের গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তবে ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত উঠেছে। প্রশান্ত মহাসাগরে একের পর এক আঘাত হানা ঝড়ের মধ্যে এটি সর্বশেষ। এ বছর ‘সুপার এল নিনো’ সমুদ্রের পানির তাপমাত্রা বাড়িয়ে ঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করায় এসব ঝড় আরও শক্তিশালী হয়ে উঠেছে। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, মানুষের জীবনের জন্য ‘তাৎক্ষণিক হুমকি’ তৈরি হয়েছে এবং সংস্থাটি সবাইকে ‘অবিলম্বে’ নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

টাইফুনের প্রভাব পর্যবেক্ষণের জন্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাঁর যুক্তরাষ্ট্র সফর বিলম্বিত করেছেন। টোকিওর দুর্যোগ মোকাবিলা সংস্থা বাসিন্দাদের বেসমেন্ট বা ভূগর্ভের তলায় না যাওয়ার সতর্কতা দিয়েছে, কারণ সেখানে পানি দ্রুত ঢুকে পড়তে পারে এবং বাইরে কী ঘটছে তা দেখা সম্ভব নাও হতে পারে। বর্তমানে ওই এলাকায় ভারী বৃষ্টির তৃতীয় স্তরের সতর্কতা জারি রয়েছে। এছাড়া বন্যার পানিতে ম্যানহোলের ঢাকনা সরে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে এবং বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।