প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে মঞ্চস্থ হবে ‘ট্রায়াল অব সূর্যসেন’

ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরাধীন মাতৃভূমিকে মুক্ত করার লড়াইয়ে চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের মহান আত্মাহুতি দিবস উপলক্ষ্যে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা পদাতিক। এই আয়োজনে মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান এবং শিশুদের আঁকা প্রতিকৃতি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যালয় তপোবনের সহযোগিতায় আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

আয়োজনের শুরুতে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের শিল্পীরা জাগরণমূলক দলীয় সংগীত পরিবেশন করবেন। মিলনায়তনের প্রবেশ পথেই ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধের ছবি প্রদর্শিত হবে। সেই সাথে শহীদ চট্টগ্রামের অমর বিপ্লবীদের ছবি এবং নাটকটির বিভিন্ন প্রদর্শনীর প্রামাণ্যচিত্রও দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। অতিথিদের শুভেচ্ছাবক্তব্যের পরপরই মূল নাটকটি মঞ্চস্থ হবে। এই বিশেষ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং কোনো টিকিট লাগবে না।

নাটকটির নবনির্দেশনার অভিজ্ঞতা তুলে ধরে নাদের চৌধুরী বলেন, “ট্রায়াল অব সূর্যসেন ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তার প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। নাটকে আমি মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।”

নাট্যাঙ্গনে ব্যাপক সাড়া ফেলা এই প্রযোজনাটি ভারতের দিল্লিতে দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। প্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত এই নাটকে সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিলসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রগুলো ফুটিয়ে তুলছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলন, কাজী সম্রাট, আতিকুর রহমান, আল আমিন স্বপন, সুমন ঘোষ, নুর, খাজা হুজ্জাতউল্লাহ ও জাহিদ প্রমুখ। নাটকটির আলোক পরিকল্পনায় জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনায় শ্যামল হাসান দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ১৮ জানুয়ারি উদ্বোধনী প্রদর্শনীর পর থেকে এটি ইতিহাসভিত্তিক নাট্যপ্রযোজনার অন্যতম আলোচিত কাজ হিসেবে গণ্য হয়ে আসছে।