প্রিন্সেস ডায়ানার মৃত্যুর মাত্র কয়েক দিন পরেই তৎকালীন প্রিন্স চার্লস (যুক্তরাজ্যের বর্তমান রাজা) দাবি করেছিলেন যে মানুষ ‘খুব শিগগির’ ডায়ানাকে ভুলে যাবে। ডায়ানার ভাই আর্ল স্পেন্সার তাঁর নতুন বইয়ে এই চাঞ্চল্যকর দাবি করেছেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবিতে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।
আর্ল স্পেন্সার জানান, পুরো জীবনে প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর মাত্র দুবার ফোনে কথা হয়েছে। ডায়ানার মৃত্যুর পর হওয়া সেই ফোনালাপে চার্লস যা বলছিলেন, তা তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছিলেন। স্পেন্সার জোর দিয়ে বলেন, চার্লস ঠিক এই কথাগুলোই তাঁকে বলেছিলেন এবং তাঁর দাবি সম্পূর্ণ সত্য।
এই দাবির পক্ষে কোনো প্রমাণ আছে কি না, জানতে চাওয়া হলে স্পেন্সার বলেন, চার্লসের মন্তব্যটি এতটাই ভয়াবহ ও স্তম্ভিত করার মতো ছিল যে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি তাঁর পরিবার ও বন্ধুদের জানিয়েছিলেন। এদিকে ব্রিটিশ রাজপ্রাসাদ স্পেন্সারের এই বক্তব্যের বিরোধিতা করে জানিয়েছে, মানুষের স্মৃতি ভিন্ন হতে পারে। রাজপ্রাসাদের এমন অবস্থানে ক্ষোভ প্রকাশ করে স্পেন্সার বলেন, তারা পুরো বিষয়টিকে একধরনের ধোঁয়াশার মধ্যে ফেলার চেষ্টা করছে।
সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যমের আচরণ নিয়েও কথা বলেন আর্ল স্পেন্সার। ডায়ানা বেঁচে থাকলে হ্যারি-মেগান দম্পতির ওপর সংবাদমাধ্যমের এই কড়া নজরদারির সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেতেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডায়ানা কিংবা হ্যারি-মেগানকে নিয়ে ট্যাবলয়েডগুলোর প্রতিবেদন কতটা অপ্রীতিকর হতে পারে, তা দেখলেই বোঝা যায়। স্পেন্সার মনে করেন, ডায়ানার জীবন থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। তিনি আরও উল্লেখ করেন, তিনি হ্যারি ও মেগানের পক্ষে ওকালতি করতে আসেননি, তবে প্রতিদিন এভাবে কারও জীবন অতিষ্ঠ করা হলে তা ব্যক্তিগত জীবনে ক্যানসারের মতো মারাত্মক ক্ষতি ডেকে আনে।
সংবাদমাধ্যমের অতিরিক্ত নজরদারি ও সমালোচনার কারণে ডায়ানার মানসিক অবস্থা কেমন হতো, তা স্মরণ করে স্পেন্সার বলেন, তিনি নিজের বোনের চোখে ‘হতাশার জল’ দেখেছেন। ডায়ানা তাঁর বিরুদ্ধে হওয়া সমালোচনার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল ছিলেন। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত সংবাদমাধ্যমের তীব্র আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

