ইহুদিদের ধর্মীয় প্রায়শ্চিত্ত দিবস বা ইয়োম কিপুর শুরুর প্রাক্কালে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর কড়া পাহারায় ৫৭০ জন ইসরাইলি জোরপূর্বক পবিত্র এই মসজিদ চত্বরে প্রবেশ করে। এর মাত্র একদিন আগে কঠোর নিরাপত্তার মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বেশ কয়েকজন মন্ত্রী এবং হাজার হাজার ইসরাইলি পূর্ব জেরুজালেমের পশ্চিম প্রাচীর বা আল-বুরাক প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে তিনি পবিত্র আল-আকসা মসজিদের নিচের সুড়ঙ্গ ও খনন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
আল-আকসা প্রাঙ্গণে এই অবৈধ অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানিয়েছে, আল-আকসা মসজিদ এবং আল-বুরাক দেয়ালের নিচের সুড়ঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর এই অনুপ্রবেশ এবং তার উসকানিমূলক বক্তব্য মূলত এই পবিত্র স্থানের ঐতিহাসিক পরিচয় ও মর্যাদার ওপর একটি প্রকাশ্য আঘাত।
সংগঠনটি আরও জোর দিয়ে উল্লেখ করেছে যে, আল-আকসা মসজিদের চত্বর, নামাজের স্থান, দেয়াল ও ফটকসহ এর সমগ্র এলাকাটি একান্তই মুসলমানদের ইবাদতখানা। ইসরাইলি দখলদার বাহিনীর কোনো ধরনের খননকাজ, অবৈধ অনুপ্রবেশ বা ধর্মীয় আচার পালনের অপচেষ্টা কখনই এই পবিত্র ভূমির নিজস্ব পরিচয় মুছে ফেলতে পারবে না এবং তাদের তৈরি কোনো ধর্মীয় বয়ান এখানে চাপিয়ে দেওয়া সম্ভব হবে না।

