মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ হিসেবে আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস (সিএনএস) লিমিটেডকে একক উৎসভিত্তিক দরপত্রের মাধ্যমে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আগের বৈধ দরপত্র প্রক্রিয়া বাতিল করে কোনো ধরনের প্রতিযোগিতামূলক আলোচনা ছাড়াই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করা হয়। চুক্তির শর্ত অনুযায়ী, সিএনএসকে নির্দিষ্ট অর্থের পরিবর্তে আদায়কৃত মোট টোলের ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ হিসেবে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। এর ফলে প্রতিষ্ঠানটি পাঁচ বছরে ৪৮৯ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার বেশি বিল গ্রহণ করে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
দুদকের নথিতে তুলনামূলক হিসাব তুলে ধরে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই সেতুর টোল ব্যবস্থাপনায় এমবিইএল-এটিটির ব্যয় ছিল প্রায় ১৫ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া ২০২২ থেকে ২০২৫ মেয়াদে একই ধরনের প্রযুক্তি ব্যবহারের জন্য ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড তিন বছরের জন্য প্রায় ৬৭ কোটি ৫৪ লাখ টাকার চুক্তি পায়, যা পাঁচ বছরের হিসেবে প্রায় ১১২ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়ায়। এই হিসাবের ভিত্তিতে দুদকের দাবি, সিএনএসকে একক উৎসভিত্তিক চুক্তির মাধ্যমে দায়িত্ব দেওয়ায় সরকারি কোষাগারের প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৮৯০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ১২ অক্টোবর শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। মামলায় সরকারি ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান ও মো. আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবালকে আসামি করা হয়েছে।

