কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পরপরই ‘জাস্টিস জাস্টিস’ স্লোগানে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, রোববার সকাল ১০টায় কুবির কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা সম্পন্ন হওয়ামাত্রই মাঠ থেকে ছাত্রশিবির ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে প্রশাসনিকভাবে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশে কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পেছনে থাকা প্রকৃত ঘটনা একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শুধু ক্যাম্পাস নয়, পুরো কুমিল্লা অঞ্চলে শিক্ষার্থী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে অবিলম্বে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৭

