জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র ২২ জন সফরসঙ্গী নিয়ে ৯৬ ঘণ্টার এক ঐতিহাসিক সফরে নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি। এবারের সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবার সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বিশ্বমঞ্চের নেতৃত্ব দিচ্ছেন। ফলে অনেকটা ‘নিজের আঙিনায়’ দাঁড়িয়েই দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের এই ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের পরম্পরা এক অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছে। এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন তাঁর পিতা শহীদ জিয়াউর রহমান। এরপর ১৯৯১ সালে সরকারপ্রধান হিসেবে স্বামীর স্থলাভিষিক্ত হয়ে সেখানে বক্তব্য দেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪৫ বছর পর একই ডায়াসে দাঁড়িয়ে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন তাঁদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই পরিবারের বাবা, মা এবং ছেলের জাতিসংঘের মঞ্চে ভাষণ দেওয়ার এই ঘটনা বিশ্ব ইতিহাসে এক বিরল রেকর্ড।
অতীতের তুলনায় এবারের সফরে খরচে ব্যাপক কৃচ্ছ্র সাধনের নজির স্থাপন করছেন প্রধানমন্ত্রী। অতীতে জাতিসংঘ সফর মানেই ছিল বিশাল বহর আর দীর্ঘ সময়ের অবস্থান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোনো কোনো সফরে সফরসঙ্গীর সংখ্যা ছিল প্রায় ৩০০-র কাছাকাছি। ২০২৩ সালের সফরে তিনি ১৭ সেপ্টেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ঘুরে ৪ অক্টোবর দেশে ফেরেন। এমনকি জাতিসংঘ সফরকালে তিনি টানা ২১ দিন নিউইয়র্কে অবস্থান করে ৯ বার জন্মদিনও পালন করেছেন, যেখানে ঢাকা থেকে বিশেষ বিমান নিয়ে গিয়ে প্রায় এক মাস জেএফকে বিমানবন্দরে বসিয়ে রাখার কারণে পার্কিং ফি বাবদ লাখ লাখ ডলার গুনতে হয়েছিল। শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলেও সফরসঙ্গীর সংখ্যা কমানোর কথা বলা হলেও ২০২৪ সালের সরকারি নথিতে তা ছিল ৮০ জনের বেশি এবং বেসরকারি হিসাবে শতাধিক। তবে এবার সব রেকর্ড ভেঙে মাত্র ২২ জনের একটি অতি ছোট প্রতিনিধিদল নিয়ে যাচ্ছেন তারেক রহমান, যার মধ্যে রয়েছেন তাঁর ব্যক্তিগত স্টাফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা।
কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তাঁর পূর্বনির্ধারণ করা ৯ দিনের সফর কমিয়ে মাত্র ৪ দিনে নামিয়ে এনেছেন। প্রথমে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সফরের পরিকল্পনা ছিল এবং নিউইয়র্ক ছাড়াও সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান ও প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ব্যয় কমাতে প্রধানমন্ত্রী সানফ্রান্সিসকো সফর বাতিল করেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ ও প্রয়োজনীয় কর্মসূচি শেষ করে ২৫ সেপ্টেম্বর রাতেই তিনি নিউইয়র্ক ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-ডাচেসের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের (বিডস) নির্বাহী পরিচালক ড. ইমরান হোসাইন আনসারী বলেন, জুলাই বিপ্লবোত্তর গণতান্ত্রিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে তারেক রহমানের জাতিসংঘের এই সফর সারাবিশ্বের কাছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ এনে দিয়েছে। একই পরিবারের তিনজনের জাতিসংঘে ভাষণ দেওয়ার ঘটনাকে তিনি বিশ্ব রেকর্ড হিসেবে উল্লেখ করেন। তবে কৃচ্ছ্র সাধনের প্রশংসা করার পাশাপাশি তিনি গ্লোবাল প্রজেকশন ও বিভিন্ন সাইড ইভেন্টের গুরুত্বের কথাও মনে করিয়ে দেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রোহিঙ্গা সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর প্রভাব এবং বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশের একটি শান্তিপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা তুলে ধরবেন।
তবে সরকারের আমলা-নির্ভরতা নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন ড. ইমরান হোসাইন আনসারী। তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে কোনো সরকার এতটা আমলা-নির্ভর সফর করেনি। আমলারা যেভাবে বলছেন, সফর সেভাবেই হচ্ছে এবং এখানে সাধারণ জনগণের সম্পৃক্ততা দৃশ্যমান নয়। অতীতে যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অধিবেশন কক্ষে প্রবেশ করে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি পর্যবেক্ষণ করতে পারতেন, এবার সেই সুযোগ থাকছে না, যা একটি রাজনৈতিক সরকারের চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বড় পরীক্ষা হবে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা। ভৌগোলিক কারণে সীমান্ত, নদীর পানি, বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি ও যোগাযোগের ক্ষেত্রে ভারতের সঙ্গে পারস্পরিক নির্ভরতা রয়েছে। অন্যদিকে চীন বাংলাদেশের বড় বাণিজ্যিক ও অবকাঠামোগত অংশীদার এবং যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত শক্তি। ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির আলোকে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরা হবে। এছাড়া, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানাতে পারেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তি এবং জাতিসংঘ সংস্কারের ওপর জোর দিয়েছেন, যা বাংলাদেশের কূটনৈতিক গুরুত্ব বাড়াবে। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচের দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। এছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি রয়েছে। এসব বৈঠকে রোহিঙ্গা সংকট, বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।
সূত্র জানায়, এক সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন মানেই যেন নিউইয়র্কমুখী বিশাল বহর। বিশেষ করে শেখ হাসিনার আমলে কোনো কোনো সফরে সংখ্যাটা তিনশর কাছাকাছি। শুধু বহর নয়, সফরও ছিল দীর্ঘ। ২০২৩ সালে জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর দেশ ছাড়েন; যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ঘুরে দেশে ফেরেন ৪ অক্টোবর। এরপর সরকার বদলাল। এলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। মিতব্যয়িতার কথা শোনা গেল। কিন্তু জাতিসংঘ সফরের বহর সেখানেও ছোট হলো না প্রত্যাশামতো। ২০২৪ সালের সরকারি নথিতে সফরসঙ্গী ৮০ জনের বেশি। বেসরকারি হিসাবে শতাধিক! কিন্তু এবার সেই ২৯২ নয়। ১০০-ও নয়। মাত্র ২২ জন! ঠিকই। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফরে সফরসঙ্গীর সংখ্যা এই সীমার মধ্যেই থাকছে। এতেই শেষ নয়, আরো চমক আছে।
এসব ছাড়িয়ে এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি কারণে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ২ জুন ২০২৬ তিনি নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অর্থাৎ এবার জাতিসংঘে বাংলাদেশের উপস্থিতি শুধু প্রধানমন্ত্রীর বক্তৃতায় সীমাবদ্ধ থাকবে না। একই সঙ্গে সাধারণ পরিষদের সভাপতির আসনে একজন বাংলাদেশি থাকায় কূটনৈতিক দৃশ্যপটে ঢাকার গুরুত্বও বাড়বে। গত কয়েক মাসে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় এর কিছু বাস্তব প্রতিফলনও দেখা গেছে। বিশেষ করে চীনের সঙ্গে

