আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করতে হলে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে আগে নিজেদের উদ্যোগে এর ব্যবহার শুরু করতে হবে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও হাটবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হলে মানুষ সরাসরি এর সুফল দেখতে পাবে, যা তাদের নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়াবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনে ১ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরুর পাশাপাশি পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোকেও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের কার্যক্রম এগিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের পর নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ চুক্তি করা হবে, যাতে প্যানেলে কোনো সমস্যা হলে তারা তা দ্রুত সমাধান করে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো নেট মিটারিংয়ের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্থাপনাগুলোতে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও হাটবাজারকে এই কার্যক্রমের আওতায় আনার বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে।
সভায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার বিভাগ সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

