চুরির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পিটিয়ে শিক্ষার্থী হত্যা

খুলনায় চুরির অভিযোগ তুলে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হল রোডের বিপরীতে অবস্থিত একটি ছাত্রাবাসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. আজমল হোসেন (২২)। তিনি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আজমল চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের কুতুব উদ্দিনের ছেলে এবং খুবির খানজাহান আলী হলের বিপরীত পাশের গলিতে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার মেসে থাকতেন।

স্থানীয় ও মেসের বাসিন্দাদের সূত্রে জানা যায়, মেসের অন্য এক শিক্ষার্থীর ভাত খেয়ে ফেলার অভিযোগে আজমলকে ছাদে ডেকে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. কনক হোসেন জানান, শুক্রবার রাত পৌনে একটার দিকে আজমলকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং চুল কাটা ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণকে মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের বাবা কুতুব উদ্দিন জানান, শুক্রবার রাতে আজমল মুঠোফোনে তাকে জানায় যে মেসে তার বিরুদ্ধে ভাত ও কিছু টাকা চুরির অভিযোগ আনা হয়েছে এবং এক লাখ টাকা দাবি করা হচ্ছে। ফোন দেওয়ার পর আর কোনো সাড়া না পাওয়ায় তিনি খুলনায় ছুটে আসেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি জানতে পারেন তার ছেলেকে মেসের বাসিন্দারা পিটিয়ে হত্যা করেছে।

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল সরকার জানান, আজমল গত ১০ সেপ্টেম্বর ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। তবে নিহতের বাবা কুতুব উদ্দিন জানিয়েছেন, তিনি কোনো মামলা বা কোর্ট-কাচারিতে যেতে চান না। তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে বিচার দিসি। আমার কোনো অভিযোগ নাই। আমি চাস্সি না যে আমার ছেলেকে কাটাকুটি করুক।’

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, চুরির অভিযোগ নিয়ে মারধরের এক পর্যায়ে আজমল ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছিলেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে, তবে নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো মামলা করতে রাজি হয়নি।

অনেক খোঁজার পরে এক মুরব্বি চাচা বলল, “বাবা, আপনার ছেলেকে রুমের যে লোক ছিল ওরা মাইরে ফেলেছে”।’এরপর ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ছেলের লাশ পান বলে জানান কুতুব উদ্দিন।