রাজধানীর তিন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মিরপুর ও বাড্ডায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে এবং যাত্রাবাড়ী এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

ঘটনাগুলোর মধ্যে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বরে অভিজাত পরিবহনের একটি বাস এবং প্রায় একই সময়ে পল্লবীর ১১ নম্বরে শিখড় পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এছাড়া রাত ৮টার দিকে বাড্ডায় আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পুলিশ পৃথক এই তিন ঘটনাস্থল ও এর আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে তা নেভানোর চেষ্টা করছেন। তবে ফায়ার সার্ভিসের কাছে এই বাসটিতে আগুন লাগার কোনো তথ্য নেই। মিরপুর থানার ওসি হাফিজ জানান, একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও সেটি পুরোপুরি পোড়েনি এবং এ বিষয়ে তারা কাজ করছেন।

রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। রাজধানীর প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দুই শতাধিক চেকপোস্ট বসিয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।