রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে প্রথম অগ্নিকাণ্ডটি ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই সময়ে মিরপুর-১ নম্বরে আনসার ক্যাম্পের সামনে অভিজাত পরিবহনের আরেকটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিকড় পরিবহনের বাসটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

