সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ আজ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এই প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে। নতুন এই বেতনকাঠামোয় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন কত হবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদের কর্মকর্তাদের মূল বেতন হবে ১ লাখ ৭২ হাজার টাকা। এতদিন এই পদের কর্মকর্তাদের মূল বেতন ছিল ৮৬ হাজার টাকা। এছাড়া সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা, যা আগে ছিল ৮২ হাজার টাকা।
নতুন বেতন কাঠামোয় গ্রেড ভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেড পর্যন্ত মূল বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গ্রেড-১২ থেকে ২০ পর্যন্ত বেতন বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য গ্রেডগুলোর ক্ষেত্রেও মূল বেতনের বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। গ্রেড-১-এ প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা, গ্রেড-২-এ ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। একইভাবে গ্রেড-৫-এ ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, গ্রেড-৬-এ ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা, গ্রেড-৭-এ ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা, গ্রেড-৮-এ ২৩ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার টাকা, গ্রেড-৯-এ ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা এবং গ্রেড-১০-এ ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা করা হয়েছে।
নিম্নতর গ্রেডগুলোতেও বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। গ্রেড-১১-এ প্রারম্ভিক মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। গ্রেড-১২-এ ১১ হাজার ৩০০ থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-১৩-এ ১১ হাজার থেকে বেড়ে ২৪ হাজার টাকা, গ্রেড-১৪-এ ১০ হাজার ২০০ থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১৫-এ ৯ হাজার ৭০০ থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা করা হয়েছে। এছাড়া গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭-এ ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা, গ্রেড-১৮-এ ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার টাকা, গ্রেড-১৯-এ ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০-এ ৮ হাজার ২৫০ থেকে বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

