চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে এক রিকশাযাত্রীকে ঘিরে ধরে ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে জোরপূর্বক টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছেন।

ছিনতাইয়ের দৃশ্য ধারণ করা ভিডিওতে দেখা যায়, যাত্রীর প্যান্টের পকেটে থাকা কিছু বের করতে না পেরে এক ছিনতাইকারী ছুরি দিয়ে পকেট কাটতে শুরু করেন। এ সময় অপর ছিনতাইকারী যাত্রীর দিকে ছুরি ধরে ছিলেন। রিকশাযাত্রীকে বারবার বলতে শোনা যায়, 'আরে ভাই, দিতাছি তো'। একপর্যায়ে যাত্রী নড়াচড়া করলে এক ছিনতাইকারী তাঁর বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন।

ঘটনাটি দেখে আশপাশের ভবনের বাসিন্দারা চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে দ্রুত পালিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে যে ঘটনাটি আজ ভোরে ঘটেছে, তবে পুলিশ ঘটনার সঠিক সময় সম্পর্কে নিশ্চিত নয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ভিডিওটি তাঁদের নজরে এসেছে। তবে কোনো ভুক্তভোগী এ বিষয়ে থানায় অভিযোগ করেননি। বিষয়টি জানার পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।