রাজধানীর ফার্মগেট–সংলগ্ন তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে জুমার নামাজের পর মসজিদে তারা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশের তেজগাঁও বিভাগ ও শেরেবাংলা নগর থানার পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়।
পুলিশের তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু নথিপত্র বা কাগজপত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের পরপরই বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও অ্যান্টিটেররিজম ইউনিটকে (এটিইউ) অবহিত করা হয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।
যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক বলেন, আটক ২৩ জনকে বর্তমানে সিটিটিসি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ সম্পন্ন হওয়ার পরই তাদের পরিচয় এবং উগ্রবাদী সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

