প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘ইউএস কনস্টিটিউশন ডে’ বা আমেরিকান সংবিধান দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সাংবিধানিক অভিজ্ঞতা, আইনের শাসন, ক্ষমতার পৃথকীকরণ, মৌলিক অধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান গণতন্ত্র ও স্বাধীনতার নীতিগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যা বিশ্বের বিভিন্ন দেশের আইনি কাঠামোয় প্রভাব ফেলেছে। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধানের তুলনামূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিচারিক পর্যালোচনা ও ক্ষমতার পৃথকীকরণের মতো বিষয়গুলো সাংবিধানিক অধ্যয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এছাড়া সংবিধান সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের একাডেমিক আলোচনা ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আধুনিক সাংবিধানিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের সংবিধান একটি গুরুত্বপূর্ণ দলিল। বাংলাদেশেরও দীর্ঘ সাংবিধানিক ঐতিহ্য রয়েছে যা গণতন্ত্র ও মৌলিক অধিকারের ওপর গুরুত্ব দেয়। তিনি সংবিধানকে কেবল একাডেমিক বিষয় নয়, বরং একটি জীবন্ত প্রাতিষ্ঠানিক চর্চা হিসেবে অভিহিত করে আইন বিভাগের শিক্ষার্থীদের এ বিষয়ে সরাসরি অভিজ্ঞতার সুযোগ তৈরির আহ্বান জানান।
গেস্ট অব অনার হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসন বলেন, ১৭৮৭ সালে ফিলাডেলফিয়ায় প্রতিনিধিরা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে পারস্পরিক নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষমতার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রোধ করা সম্ভব হয়। তিনি আরও বলেন, সাংবিধানিক শাসন ও আইনের শাসন কোনো একটি নির্দিষ্ট দেশের বিষয় নয়, বরং নিজস্ব রাষ্ট্রব্যবস্থা পরিচালনায় আগ্রহী সব সমাজের জন্যই এটি সমান গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর বাংলাদেশের সাংবিধানিক কাঠামো নির্মাণের প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার মতো বিষয়গুলো দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন।
উদ্বোধনী পর্বের পর ‘ইউএস কনস্টিটিউশন’ বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, আইনজীবী, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, আইন ও বিচার অঙ্গনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

