রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্রবিরোধী অভিযান জোরদারের নির্দেশ

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আভিযানিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ। গত বুধবার ৮ এপিবিএনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

এপিবিএন সূত্রে জানা গেছে, পর্যালোচনা সভায় ব্যাটালিয়ন প্রধান উপস্থিত পুলিশ সদস্যদের ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় চিহ্নিত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। এছাড়া মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানকে আরও বেগবান করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, দেশ ও জাতির কল্যাণে প্রতিটি সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। ক্যাম্পের স্থিতিশীলতা বজায় রাখতে এপিবিএনের আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

একই সভায় পুলিশ সদস্যদের আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন অধিনায়ক। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনার আলোকে বলেন, জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই এবং মানসিক বা পারিবারিক সংকটে আত্মহত্যার পথ বেছে নেওয়া কোনো সমাধান নয়; এটি কোনো ধর্মেই সমর্থন করে না। তিনি আরও বলেন, আত্মহত্যায় শুধু একটি জীবনই ঝরে যায় না, পুরো পরিবার ধ্বংস হয়ে যায়।

সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক বা আর্থিক যেকোনো সমস্যায় পড়লে সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়ে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবেন। মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ৮ এপিবিএনে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২৪