গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের নেতৃত্বে এই টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি সম্পন্ন হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে একদল অসাধু চক্র অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়েছে। এছাড়া বালু পরিবহনের কাজে ব্যবহৃত ১টি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, ইজারা বহির্ভূত ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন একটি দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য ও সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।