প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ১২ মাসে ১২ জীবনঘনিষ্ঠ থিম

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বইয়ের মুখস্থ বিদ্যার বাইরে নিরাপত্তা, জীবনদক্ষতা এবং বাস্তব জ্ঞান প্রদানের লক্ষ্যে কারিকুলামে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এই সংস্কারের অংশ হিসেবে প্রতি মাসে একটি নির্দিষ্ট থিমকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রম সাজানো হবে। এর ফলে বাংলা, গণিতসহ অন্যান্য বিষয়ের পাঠে ওই থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদাহরণ, সংখ্যা, প্রশ্ন ও আলোচনা যুক্ত করা হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থী শুধু বইয়ের জ্ঞান অর্জন করবে না, বরং কীভাবে নিরাপদ থাকতে হয়, দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা করতে হয় এবং বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে হয়, সেই বাস্তব দক্ষতাও শিখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে, যেখানে প্রতিটি শিশু নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং কার্যকরভাবে শিখবে।

প্রতিমন্ত্রী উদাহরণ দিয়ে জানান, কোনো মাসে যদি অগ্নিনিরাপত্তা থিম হিসেবে নির্ধারণ করা হয়, তাহলে গণিত, ভাষা ও অন্যান্য বিষয়ের পাঠেও অগ্নিনিরাপত্তাসংশ্লিষ্ট আলোচনা ও উদাহরণ যুক্ত করা হবে। একইভাবে সড়ক নিরাপত্তা, পানিতে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলো পর্যায়ক্রমে গুরুত্ব পাবে। এর ফলে পাঠ্যবইয়ের জ্ঞানের সঙ্গে বাস্তব জীবনের পরিস্থিতির একটি যোগসূত্র তৈরি হবে।

যদিও ১২টি থিমের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি, তবে এসব থিমে দৈনন্দিন নিরাপত্তা, স্বাস্থ্য, পরিবেশ সচেতনতা, জরুরি পরিস্থিতিতে করণীয় ও দায়িত্বশীল আচরণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শুধু নিয়ন্ত্রক নয়, অংশীদার হিসেবে কাজ করতে চায় এবং ভালো উদ্যোগগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশব্যাপী অভিন্ন মানদণ্ড তৈরি করবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।