সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এই সভায় অন্তত ৬১ জন সচিব অংশ নেন।
সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রিপরিষদ সচিব এই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে দুদককে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় উপস্থিত এক সচিব জানিয়েছেন। সভায় আলোচনা হয়েছে যে, শিগগিরই দুদক এ-সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে। দুদক এই কমিটিগুলোকে সব ধরনের সহায়তা প্রদানের নিশ্চয়তা দিয়েছে।
সম্প্রতি প্রশাসনের দুর্নীতি ও এ নিয়ে জনমনে তৈরি হওয়া ধারণার বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ১৩ সেপ্টেম্বর ভোলায় নির্বাচনি এলাকায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে মন্তব্য করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সভায় অনেক সচিব মত দেন যে, বর্তমান বাস্তবতায় প্রশাসনে দুর্নীতি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।
সচিব সভায় সরকারি চাকরির শূন্যপদ দ্রুত পূরণের ওপরও জোর দেওয়া হয়েছে। তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো বিতর্ক না ওঠে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাগিদ দেওয়া, কাজের দক্ষতা বাড়ানো এবং বিদ্যুতের সমস্যা মোকাবিলায় সরাসরি নির্দেশনা প্রদান করা। এছাড়া প্রত্যেক সচিবকে নিজ নিজ জেলার দায়িত্বের বিষয়ে মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জনগণের সমস্যা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের প্রায় সাত মাসের মাথায় প্রথমবারের মতো এই সচিব সভা অনুষ্ঠিত হলো।

