সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জনের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল-নুহুদ শহরের কাছে আল-জারা নামক খনিতে এই দুর্ঘটনাটি ঘটে। খবরটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এএফপির বরাত দিয়ে নিশ্চিত করেছে।
কর্দোফান অবজারভেটরির তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ক্ষুদ্র পরিসরে খনিতে কাজ করা শ্রমিক। খনিটির সুড়ঙ্গ ধসে পড়ার পর এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এলাকাটি নিয়ন্ত্রণকারী আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) একটি সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা অন্তত ৮২ এবং আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, তার সঠিক সংখ্যা এখনও অনিশ্চিত।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খনি শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা জানান, তিনি এবং তার সহকর্মীরা সারারাত নিজেদের সাধারণ সরঞ্জাম ব্যবহার করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করেছেন। তবে খনিটি উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতির প্রয়োজন ছিল যা সেখানে ছিল না। স্থানীয় সূত্রগুলোর দাবি, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও নিরাপত্তাব্যবস্থার অভাবেই হতাহতের সংখ্যা এতটা বেড়েছে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, উদ্ধারকাজ বর্তমানে চলমান থাকলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সংগঠনটি আরও উল্লেখ করেছে যে, খনিটিতে শ্রমিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় কোনো মৌলিক নিরাপত্তাব্যবস্থাও ছিল না। উল্লেখ্য, সুদান আফ্রিকা মহাদেশের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি, তবে দেশটির বেশিরভাগ স্বর্ণই পুরোনো বা অননুমোদিত খনি থেকে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে উত্তোলন করা হয়।

