রাজধানীর বনশ্রীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায় এবং তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।
নিহতের স্বজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তাসপিয়া। মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গেলে তিনি দুই বাসের নিচে চাপা পড়েন। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহন ও অন্য একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানিয়েছে, রমজান পরিবহনের একটি বাসসহ মোট দুটি বাস জব্দ করা হয়েছে। এই ঘটনায় বাস দুটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। তাসপিয়ার মৃত্যুর খবর পেয়ে তাঁর ভাই এনাম আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। এদিকে বনশ্রীর এক টেইলার্স মালিক মো. মূসা জানান, তাসপিয়া তাঁর দোকানে নিয়মিত কাপড় তৈরি করাতেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আগামীকাল তাঁর কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ দিতে হলো তাঁকে।

