বাগাতিপাড়ায় বিষধর সাপের দংশনে ভ্যানচালকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে আবু তাহের (৬০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবু তাহের বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় আবু তাহেরকে একটি বিষধর সাপ দংশন করে। তবে সাপটি দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা শুরুতে বিষয়টি গুরুত্ব দেননি। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় এক ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়।

পরদিন সকালে শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সাপের দংশনের বিষয়ে তাৎক্ষণিক নিশ্চিত তথ্য দিতে না পারায় চিকিৎসার শুরুতে কিছুটা বিলম্ব ঘটে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ নেই জানিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে থানায় লিখিত আবেদন করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।