নেত্রকোণার মদনে নির্মাণাধীন একটি স্কুল ভবনের কাজ দেখার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ মিয়া (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ মিয়া মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার রাজমিস্ত্রি আশিক খান কফির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মারুফ তাঁর বাবার সঙ্গে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে অসাবধানতাবশত তিনি একটি সচল বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই উপস্থিত লোকজন ও পরিবারের সদস্যরা মারুফকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

