২২ জন উচ্চশিক্ষিত মানুষ নিয়ে যেভাবে আফ্রিকার ধনী দেশ হলো বতসোয়ানা

একটি দেশের মোট জনসংখ্যার মধ্যে উচ্চশিক্ষিত মানুষ মাত্র ২২ জন, আর পুরো দেশে পাকা রাস্তা আছে মোটে ১২ কিলোমিটার। ১৯৬৬ সালে যখন ব্রিটিশদের কাছ থেকে দেশটি স্বাধীন হয়, তখন এটি ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম রাষ্ট্র। অথচ মাত্র পাঁচ দশকের ব্যবধানে সেই দেশটিই আজ আফ্রিকা মহাদেশের অন্যতম ধনী, শান্ত ও সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। অবিশ্বাস্য মনে হলেও এটি আফ্রিকার দেশ বতসোয়ানার সত্যিকারের ইতিহাস।

স্বাধীনতার সময় বতসোয়ানার জনসংখ্যা ছিল প্রায় ১০ লাখ বা এক মিলিয়ন। রাষ্ট্র পরিচালনা করার মতো পর্যাপ্ত জনবল তখন তাদের ছিল না। হাইস্কুল পাস করা মানুষের সংখ্যা ছিল মাত্র শ’খানেক, আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করা মানুষের সংখ্যা ছিল মাত্র ২২ জন। চরম দারিদ্র্য, রোগব্যাধি আর উচ্চ শিশুমৃত্যুর হারে জর্জরিত এই দেশটি ৩ বছরও টিকবে না বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন বিশ্বনেতারা। কিন্তু সব আশঙ্কা ভুল প্রমাণ করে শিক্ষা, গবেষণা ও অর্থনীতিতে আজ আফ্রিকার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে বতসোয়ানা।

এই অবিশ্বাস্য রূপান্তরের মূল কারিগর ছিলেন দেশটির প্রথম প্রেসিডেন্ট স্যার সেরেস খামা। তিনি ছিলেন বতসোয়ানার একটি বিশাল রাজপরিবারের মূল উত্তরাধিকারী। লন্ডনে পড়াশোনা করার সময় তিনি রুথ উইলিয়ামস নামের এক শ্বেতাঙ্গ ব্রিটিশ তরুণীর প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। এই বিয়েতে পাশের দেশ দক্ষিণ আফ্রিকার তৎকালীন চরম বর্ণবাদী সরকার তীব্র আপত্তি জানায়। তারা ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করলে ব্রিটিশ সরকার সেরেস খামাকে নিজ দেশ থেকে নির্বাসনে পাঠায়। কিন্তু খামা দমে যাননি। তিনি দেশে ফিরে রাজতন্ত্রের মুকুট ও রাজপ্রাসাদের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে যোগ দেন। গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিয়ে বিশাল ব্যবধানে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বতসোয়ানায় প্রতি পাঁচ বছর পর পর নিয়মিত নির্বাচন হয় এবং আজ পর্যন্ত সেখানে কোনো রাজনৈতিক সহিংসতা বা সামরিক অভ্যুত্থান ঘটেনি।

স্বাধীনতার ঠিক এক বছর পর বতসোয়ানায় আবিষ্কৃত হয় পৃথিবীর অন্যতম বৃহত্তম হীরার খনি। সাধারণত আফ্রিকার দেশগুলোতে হীরা বা তেলের খনি পাওয়া গেলে গৃহযুদ্ধ ও দুর্নীতি শুরু হয়, যাকে বলা হয় 'সম্পদের অভিশাপ'। কিন্তু সেরেস খামা ছিলেন অত্যন্ত সৎ ও দূরদর্শী। তিনি তিনটি ঐতিহাসিক পদক্ষেপ নেন। প্রথমত, তিনি আইন করেন যে খনির সম্পদ কোনো নির্দিষ্ট উপজাতির নয়, বরং পুরো দেশের জনগণের। এর ফলে গৃহযুদ্ধের আশঙ্কা দূর হয়। দ্বিতীয়ত, তিনি পৃথিবীর সবচেয়ে বড় হীরা কোম্পানি De Beers-কে ডেকে এনে টেবিলে বসালেন এবং তাদের সাথে কঠোর দরকষাকষি করে লাভের ৫০ শতাংশ সরাসরি সরকারি ফান্ডে নেওয়ার ব্যবস্থা করেন। তৃতীয়ত, হীরার এই অর্থ দিয়ে গড়ে তোলেন 'ফিউচার ফান্ড', যা সরাসরি স্কুল, কলেজ, hospital এবং বিশ্বমানের হাইওয়ে নির্মাণে ব্যয় করা হয়।

বতসোয়ানার খনি থেকে হীরা উত্তোলনের মতো প্রযুক্তি বা দক্ষ জনবল শুরুতে ছিল না। প্রেসিডেন্ট সেরেস খামা ইউরোপীয় দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন এবং ঋণ নিয়ে হীরা উত্তোলনের যন্ত্রপাতি সংগ্রহ করেন। এরপর তিনি পশুপালনে মনোযোগ দেন এবং এই খাতেও দেশটি দারুণ সাফল্য পায়। একই সাথে তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেন। ১৩ বছর বয়স পর্যন্ত সবার জন্য শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়। যার ফলে স্বাধীনতার সময় যেখানে মাত্র শ’খানেক মানুষ হাইস্কুল পাস ছিল, আজ সেখানে ৯৫ শতাংশ মানুষ শিক্ষিত।

প্রেসিডেন্ট হিসেবে সেরেস খামা সরকারি রাজকোষের একটি টাকাও নিজের বিলাসিতায় খরচ করতে দেননি। দুর্নীতি দমনে তিনি ছিলেন আপসহীন; সামান্য দুর্নীতির প্রমাণ পেলেই মন্ত্রী বা আমলাদের বরখাস্ত করে জেলে পাঠানো হতো। ঋণ নিয়ে দেশ চালানোর ঘোর বিরোধী ছিলেন তিনি, যার ফলে তাঁর আমল পর্যন্ত বতসোয়ানা কোনো ঋণের ফাঁদে পড়েনি। ১৯৬৬ থেকে ১৯৮০ সালের মধ্যে বতসোয়ানার বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ৮-৯ শতাংশে পৌঁছায়, যা তৎকালীন বিশ্ব অর্থনীতিতে দ্রুততম বৃদ্ধির রেকর্ড গড়েছিল। কোটি কোটি ডলারের সম্পদ নয়, বরং একজন সৎ, দূরদর্শী ও দৃঢ়চেতা নেতাই যে একটি দেশকে বদলে দিতে পারেন, বতসোয়ানা তার সবচেয়ে বড় প্রমাণ।