সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথ অনুসরণ করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করেছেন যে, মানবাধিকার রক্ষা করে প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করার মাধ্যমেই সন্ত্রাস দমন করা হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
সভায় মাদক পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, চুয়াডাঙ্গায় পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে ইয়াবা পাচার করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলো এ দেশে মাদকের আগ্রাসন চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে সরকার শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির প্রসারে গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া, একই দিনে সকালে জেলা জজ আদালত মিলনায়তনে খুলনার বিচারকদের সঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান একটি পৃথক বৈঠক করেন।

